সমকালীন প্রতিবেদন : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের দাপুটে জয়ের মাধ্যমে সুপার এইটে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও, আগেভাগেই পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে ভারত। এই জয়ের রেশ কাটতে না কাটতেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এল বড় সুখবর। সুপার এইট পর্বে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কয়েকদিন আগেই এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তখনও গ্রুপ পর্বের লড়াই চলছিল, কেউই নিশ্চিত ছিল না সুপার এইটে। তবে বাস্তবে মিলেছে সেই পূর্বাভাস। ১ মার্চ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। চলতি বিশ্বকাপে এই প্রথমবার ভারতীয় দল ইডেনে খেলতে নামবে, ফলে ম্যাচ ঘিরে শহরজুড়ে বাড়ছে উত্তেজনা।
বর্তমানে সি গ্রুপের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচে তিন জয় নিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে উঠেছে ক্যারিবিয়ানরা। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে এ গ্রুপের শীর্ষে উঠে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। আইসিসি-র নিয়ম অনুযায়ী, এই দুই দলকেই একই সুপার এইট গ্রুপে রাখা হয়েছে।
আইসিসির আগাম নির্ধারিত সূচি অনুযায়ী সুপার এইট পর্বে আটটি দলকে এক্স এবং ওয়াই– এই দুই গ্রুপে ভাগ করা হয়েছে। এক্স গ্রুপে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের থাকা নিশ্চিত। সম্ভাব্য তালিকায় বাকি দুটি জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের সুপার এইটে পৌঁছনো প্রায় নিশ্চিত হলেও অস্ট্রেলিয়াকে নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
অন্যদিকে, ওয়াই গ্রুপে সম্ভাব্য দল হিসেবে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে এই চার দলের কেউই এখনও নিশ্চিত নয়। বরং আফগানিস্তান বা জিম্বাবোয়ের মতো দল অঘটন ঘটাতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সব মিলিয়ে, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ইডেন গার্ডেন্সে যে এক স্মরণীয় ক্রিকেট সন্ধ্যা অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। এখন শুধু ১ মার্চের অপেক্ষা।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন