Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

বনগাঁ কোর্টে গোপন জবানবন্দি মিমি চক্রবর্তীর, তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগে অনড় অভিনেত্রী

 

Actress-Mimi-Chakraborty

সমকালীন প্রতিবেদন : বনগাঁর নয়া গোপালগঞ্জ যুব সংঘের অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার ‌নতুন মোড় নিল।। বিচারকের নির্দেশে বনগাঁ মহকুমা আদালতে হাজির হয়ে গোপন জবানবন্দি দিলেন টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। বনগাঁর জুনিয়র ডিভিশন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবুল হোসেন জমাদারের সামনে প্রায় আধঘণ্টা ধরে তাঁর বয়ান রেকর্ড করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। বনগাঁ পুরসভার ঢাকাপাড়ার নয়া গোপালগঞ্জ যুব সংঘের বার্ষিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মিমি চক্রবর্তীর। অভিযোগ, রাত সাড়ে ১০টার মধ্যে তাঁর মঞ্চে ওঠার কথা থাকলেও তিনি পৌঁছান প্রায় এক ঘণ্টা দেরিতে। মঞ্চে উঠতে উঠতে রাত পৌনে ১২টা বেজে যায়। এরপর কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর তাঁকে মাঝপথেই মঞ্চ থেকে নেমে যেতে বলা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।

এরপর ক্লাবের উপদেষ্টা ও অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অপমান ও হেনস্তার অভিযোগ দায়ের করেন মিমি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ তনয় শাস্ত্রীর বাড়িতে তল্লাশি চালাতে গেলে বাধার মুখে পড়ে। অভিযোগ, বাড়ির মহিলারা পুলিশকে ঘিরে ধরে তদন্তে বাধা দেন। তদন্তে অসহযোগিতার অভিযোগে তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তনয় শাস্ত্রী-সহ তিনজন জেল হেফাজতে রয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি তাদের ফের বনগাঁ আদালতে হাজির করা হবে।

বিচারকের নির্দেশ মেনেই বৃহস্পতিবার দুপুর নাগাদ বনগাঁয় পৌঁছান মিমি চক্রবর্তী। কিছুক্ষণ শহরের একটি হোটেলে থাকার পর বিকেল তিনটে নাগাদ তিনি আদালতে আসেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তা রেকর্ড করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই জবানবন্দি আগামী ৭ ফেব্রুয়ারি আদালতে পেশ করা হবে।

জবানবন্দি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি চক্রবর্তী জানান, তাঁর অবস্থানে কোনও বদল হয়নি। অভিনেত্রী বলেন, “আমার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেই আমার লড়াই। নয়া গোপালগঞ্জের ওই ক্লাবের লোকজন খুব ভদ্র, সবাই যথেষ্ট সম্মানের সঙ্গে আমাকে গাড়িতে তুলে দিয়েছিলেন। একমাত্র তনয় শাস্ত্রী ছাড়া।” তিনি আরও দাবি করেন, তিনি মঞ্চ থেকে নেমে যাওয়ার পরেও অনুষ্ঠান চলেছে, সেই সংক্রান্ত নথি ও প্রমাণও তাঁর কাছে রয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত তনয় শাস্ত্রীর পক্ষের আইনজীবী বলেন, “অভিনেত্রী তাঁর মতো করে বক্তব্য রেখেছেন। তবে আমার মক্কেল কোনওভাবেই তাঁকে অসম্মান বা হেনস্তা করেননি।” মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহলের একাংশের।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন