Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নতুন বছর ভারত–পাকিস্তান ক্রিকেটের হাই ভোল্টেজ অধ্যায়

India-Pakistan-cricket

সমকালীন প্রতিবেদন : ২০২৬ সাল ক্রিকেট দুনিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তান। পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব-১৯ স্তরে একাধিক বিশ্বকাপ থাকায় আগামী বছরে ২২ গজে বারবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই দুই দেশের। সবকিছু ঠিকঠাক চললে ২০২৬ সালে ভারত–পাকিস্তান ম্যাচ দেখা যেতে পারে সর্বোচ্চ পাঁচ বার, যার মধ্যে দু’টি সাক্ষাৎ ইতিমধ্যেই নিশ্চিত।

২০২৬ সালের শুরুতেই নজর কাড়বে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল একই গ্রুপে রয়েছে পাকিস্তানের সঙ্গে। প্রস্তাবিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দু’দল। শুধু গ্রুপ ম্যাচেই সীমাবদ্ধ নয় এই লড়াই– দুই দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলে আবারও ভারত–পাকিস্তান মহারণ দেখার সুযোগ তৈরি হবে।

পুরুষদের পাশাপাশি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিশ্চিত ভারত–পাকিস্তান সাক্ষাৎ। ইংল্যান্ডে আয়োজিত এই বিশ্বকাপে ১৪ জুন এজবাস্টনে হরমনপ্রীত কৌরদের মুখোমুখি হতে হবে পাকিস্তানের ফতিমা সানাদের দলের। এখানেও গ্রুপ পর্বের বাইরে সেমিফাইনাল বা ফাইনালে ফের দুই দেশের লড়াই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

এছাড়া রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে এবং পাকিস্তান গ্রুপ ‘বি’-তে। ফলে লিগ পর্ব বা সুপার সিক্সে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দুই দলই যদি নিজেদের গ্রুপে ভালো ফল করে, তা হলে সেমিফাইনাল বা ফাইনালে দেখা হতে পারে ভারত–পাকিস্তান অনূর্ধ্ব-১৯ লড়াই।

উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৫ সালেও একাধিকবার ক্রিকেট মাঠে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়, এশিয়া কাপে তিনটি ম্যাচে ভারতের আধিপত্য এবং মহিলা ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ের লড়াই– সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে। তবে মাঠের বাইরের পরিস্থিতি এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার পরবর্তী জবাবি অভিযানের পর ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। সাম্প্রতিক প্রতিযোগিতাগুলিতে করমর্দন না করা, ট্রফি গ্রহণ নিয়ে বিতর্ক– সব মিলিয়ে দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন প্রবল উত্তাপের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে ভারত–পাকিস্তান ম্যাচগুলো শুধু খেলার লড়াই নয়, বরং আবেগ, রাজনীতি ও ইতিহাসের জটিল সমীকরণে মোড়া একাধিক ‘হাই ভোল্টেজ’ মুহূর্ত তৈরি করতে চলেছে।‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন