Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ত্রিদলীয় অনূর্ধ্ব-১৯ সিরিজে বাদ বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে

 

Under-19-series

সমকালীন প্রতিবেদন : ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের আসন্ন ত্রিদলীয় সিরিজে নির্বাচকদের নজর কেড়ে জায়গা করে নিলেন রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় দ্রাবিড়। তবে বিস্ময়ের বিষয়, সুযোগ হয়নি দুই প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে-র। ভারতের দুটি অনূর্ধ্ব-১৯ দল— ভারত ‘এ’ ও ভারত ‘বি’, সঙ্গে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। 

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর আয়োজনে এই ত্রিদলীয় সিরিজ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে আগামী ১৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ভারত ‘এ’ অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে রয়েছেন পঞ্জাবের বিহান মলহোত্র, আর ভারত ‘বি’ দলের অধিনায়ক করা হয়েছে হায়দরাবাদের অ্যারন জর্জ-কে।

তবে দল ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেকে দলে না রাখা। বিহারের ১৪ বছরের প্রতিভাবান ব্যাটার সূর্যবংশী দেশের জুনিয়র স্তরে নজরকাড়া পারফরম্যান্স করলেও, তাঁকে এই সিরিজে রাখা হয়নি। একইভাবে বাদ পড়েছেন মহারাষ্ট্রের তারকা তরুণ আয়ুষ মাত্রেও, যিনি সাম্প্রতিক ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “আয়ুষ মাত্রেকে এই প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হয়নি, কারণ তিনি বর্তমানে রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে খেলছেন। অন্যদিকে বৈভব সূর্যবংশী রয়েছেন রাইজিং স্টার এশিয়া কাপের ভারত ‘এ’ দলের সদস্য হিসেবে, তাই তাঁকেও রাখা হয়নি।” 

বোর্ডের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “সূর্যবংশী ও মাত্রে ইতিমধ্যেই উচ্চ স্তরের প্রতিযোগিতায় খেলছে। এই সিরিজ মূলত নবীন ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রমাণের সুযোগ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তাই তাঁদের অন্তর্ভুক্ত করা হয়নি।”

অন্যদিকে, ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড় নির্বাচকদের আস্থা অর্জন করেছেন। কর্নাটকের এই উইকেটরক্ষক-ব্যাটার সম্প্রতি বিনু মাঁকড় ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নির্বাচিত হয়েছেন ভারত ‘বি’ অনূর্ধ্ব-১৯ দলে। 

এই দলে রয়েছেন বাংলার প্রতিশ্রুতিশীল ব্যাটার রোহিত কুমার দাসও। বাংলার ক্রিকেটমহল আশা করছে, এই সুযোগ তরুণ রোহিতের জাতীয় স্তরে নিজেকে তুলে ধরার একটি বড় মঞ্চ হয়ে উঠবে।

ত্রিদলীয় এই প্রতিযোগিতাকে ভবিষ্যতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল গঠনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। নির্বাচকরা তরুণদের ফর্ম, মানসিক দৃঢ়তা ও ম্যাচ সচেতনতা পর্যবেক্ষণ করবেন এই সিরিজে। বেঙ্গালুরু এখন প্রস্তুত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের এই তরুণ প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন