Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পুরীর কাছে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, পর্যটকদের জন্য একাধিক নিষেধাজ্ঞা

 

Cyclone-Akvan

সমকালীন প্রতিবেদন : ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়াবহ রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’। শুধু শক্তিবৃদ্ধিই নয়, সমুদ্রের উপর গতিপথও বদলাচ্ছে এই ঘূর্ণিঝড়। প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা থাকলেও আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, এবার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সম্ভাব্য বিপর্যয়ের আশঙ্কায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ওড়িশা প্রশাসন। পর্যটকদের সমুদ্রসৈকতে যেতে নিষেধ করা হচ্ছে। অন্যদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

ভারতের মৌসম বিভাগের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। আগামী দু'দিন উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এটি। পুরীর কাছাকাছি ল্যান্ডফলের আশঙ্কা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রও যথেষ্ট উত্তাল হয়ে উঠতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পুরী জেলা প্রশাসন। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভক্তদের জন্য গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে শ্রীজগন্নাথ মন্দিরে কার্তিক মাসে ব্রত পালনকারী বয়স্ক মহিলাদের, অর্থাৎ হবিষ্যানীদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থাও আগামী তিন দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

শুধু মন্দির নয়, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুরীর সমুদ্রসৈকত-সহ আস্তারাঙ্গা, চন্দ্রভাগা ও বালি হরাচণ্ডী সৈকতে যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পুরী ভ্রমণ এড়িয়ে চলার জন্য পর্যটকদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই ওডিআরএএফের তিনটি দল এবং এনডিআরএফের কর্মীদের মোতায়েন করা হয়েছে। নিচু এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। উপকূলবর্তী সমস্ত ব্লকের বিডিও এবং প্রশাসনিক আধিকারিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে জেলার সরকারি কর্মীদের ছুটি। ওড়িশার মুখ্যসচিব অনু গর্গও সমস্ত সরকারি আধিকারিক ও কর্মচারীদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, ‘আকভান’-এর প্রভাব পড়তে চলেছে বাংলাতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়াতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলতে পারে। শনিবার পুরুলিয়ার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-কে ঘিরে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারাতে পারে ঘূর্ণিঝড়টি। তবে তার আগে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উত্তাল সমুদ্রের মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন