Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বাবার অমত জয় করে ভারতীয় টেস্ট দলে আকিব নবী: বুমরার চোটেই খুলল ভাগ্য

 

Pacer-Akib-Nabi

সমকালীন প্রতিবেদন : প্রতিকূল পরিবেশ, দারিদ্র্য আর বাবার অনিচ্ছাকে জয় করে অবশেষে অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের ফল পেলেন জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী পেসার আকিব নবী। তারকা ফাস্ট বোলার জশপ্রীত বুমরার হাঁটুর পুরোনো চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন। আর বুমরার জায়গায় ভারতীয় জাতীয় দলে আকিব নবীর অন্তর্ভুক্তির ঘোষণা করেছে বিসিসিআই। পারভেজ রসুলের পর জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতের লাল বলের ক্রিকেটের স্কোয়াডে জায়গা করে নিয়ে এক ইতিহাস সৃষ্টি করলেন এই ডানহাতি পেসার।

বারামুল্লার শিরি অঞ্চলের এক সাধারণ পরিবারে বেড়ে ওঠা আকিবের শৈশব একেবারেই সহজ ছিল না। বাবা গুলাম নবী দার পেশায় একজন ইংরেজি শিক্ষক। বাবার স্বপ্ন ছিল ছেলে পড়াশোনা করে ডাক্তার হোক। মনোযোগ যাতে ভেস্তে না যায়, সেজন্য আকিবকে ঘরে আটকে রাখা থেকে শুরু করে বকাঝকা– সবই করতেন বাবা। কিন্তু আকিবের মন পড়ে থাকত ক্রিকেট মাঠেই।

পরিবারের অভাবের কারণে ক্রিকেট সরঞ্জাম বা স্পাইক জুতো কেনার সামর্থ্যও ছিল না। অনেক সময় বন্ধুদের থেকে জুতো ধার করে কিংবা ভালো অনুশীলনের জন্য বাড়ি থেকে প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি ট্রায়ালে যেতেন। পরবর্তীতে ছেলের একাগ্রতা দেখে বাবাও তাঁর এই লড়াইকে সমর্থন করতে শুরু করেন।

২০২০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়েছেন আকিব। বিশেষ করে গত দুটি রঞ্জি ট্রফি মরশুমে তাঁর সংগ্রহ ১০৪টি উইকেট। ২০২৫-২৬ মরশুমে একাই সংগ্রহ করেছেন ১০-টি ম্যাচে ৬০টি উইকেট, যা তাঁকে মরশুমের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকে পরিণত করে।

ক্যারিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে, যার মধ্যে ৭ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। জম্মু ও কাশ্মীরের ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়েও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। সীমিত ওভার ও আইপিএলে লিস্ট-এ ক্রিকেটে ৫৬টি ও টি-টোয়েন্টিতে ৪৩টি উইকেট শিকার করেছেন তিনি। গত নিলামে দিল্লি ক্যাপিটালস তাঁকে ৮.৪০ কোটি টাকায় দলে নিয়েছিল। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুটি চার দিনের ম্যাচে ৬টি উইকেট নিয়ে নিজের আন্তর্জাতিক মান রক্ষা করার প্রমাণ দেন তিনি।

অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠের চোটের পর থেকেই বুমরার কাজের চাপ নিয়ন্ত্রণ করা হচ্ছিল। ইংল্যান্ড সফরে পাওয়া হাঁটু চোট কাটিয়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস টেস্ট পাস করলেও, শ্রীলঙ্কা সফরের ঠিক মুখে চোট বেড়ে যাওয়ায় তাঁকে দল থেকে বাদ পড়তে হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে থাকা ভারত শ্রীলঙ্কা সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। শুভমান গিলের নেতৃত্বাধীন এই তরুণ ও পুনর্গঠিত ভারতীয় দলের পেস আক্রমণ সামলানোর ভার এবার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণাদের পাশাপাশি নবাগত আকিব নবীর কাঁধেও থাকবে।

শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সাই সুদর্শন (ফিটনেস সাপেক্ষে), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কাল, সারাংশ জৈন এবং আকিব নবী।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন