Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ২ আগস্ট, ২০২৬

বনগাঁ ও বাগদায় প্রশাসনের যৌথ ‘সারপ্রাইজ ভিজিট’: সবজির চড়া দাম নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি

 

High-prices-of-vegetable

সমকালীন প্রতিবেদন : টানা বর্ষণের জেরে চাষের জমি জলমগ্ন হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে—লঙ্কা, বেগুন, বাঁধাকপি থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় সবজির দামই আকাশছোঁয়া। ফলে বাজারে গিয়ে সাধারণ মানুষের পকেটে রীতিমতো টান পড়ছে। কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা ফায়দা তোলার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার রাজ্য জুড়ে যৌথ অভিযানে নামল পুলিশ ও প্রশাসন।

রবিবার সকালে বনগাঁ শহরের প্রধান সবজি ও ফলের বাজারগুলিতে বনগাঁ থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে ঝটিকা অভিযানে অংশ নেন বনগাঁর জয়েন্ট বিডিও। একই সঙ্গে, সীমান্তবর্তী এলাকা বাগদাতেও রাজ্য পুলিশের একটি টিম অভিযানে নামে। বাগদার এসডিপিও রামকুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশ আধিকারিকেরা বাগদার বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় ও বিক্রয়মূল্য যাচাই করেন এবং নির্দিষ্ট মূল্য তালিকা পর্যবেক্ষণ করেন।

অভিযানের সময় পুলিশ ও প্রশাসনিক কর্তারা স্পষ্ট জানিয়ে দেন, জোগানের ঘাটতিকে ঢাল করে গ্রাহকদের কাছ থেকে যেন কোনোভাবেই অহেতুক বা অতিরিক্ত দাম আদায় করা না হয়। স্থানীয় দোকানদারেরাও জানান, আধিকারিকেরা বাজারে ঘুরে প্রতিটি জিনিসের দরদাম নেন এবং পণ্যের কৃত্রিম অভাব তৈরি না করার পাশাপাশি ন্যায্য দামে পণ্য বিক্রির কড়া নির্দেশ দিয়ে যান।

পরিদর্শন শেষে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়, প্রথম দিনের এই ঝটিকা অভিযানে বড় ধরনের কোনো কারচুপি বা অসংগতি চোখে পড়েনি। তবে সাধারণ মানুষের কেনাকাটা সহজ করতে এবং বাজারে কোনো ধরনের কালোবাজারি যাতে না ঘটে, তা সুনিশ্চিত করতে আগামী দিনেও পুলিশ ও প্রশাসনের এই যৌথ অভিযান ও তীক্ষ্ণ নজরদারি জারি থাকবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন