সমকালীন প্রতিবেদন : ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল রোহিত শর্মাকে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। তিনি জানিয়েছেন, ভারতের প্রতিটি ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এই ঘোষণার পর থেকেই শুরু হয় জল্পনা- তাহলে কি আর বিশ্বকাপে খেলবেন না রোহিত?
তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসনের সঙ্গে আলোচনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন রোহিত। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশের হয়ে বিশ্বকাপ জেতাই তাঁর প্রধান লক্ষ্য। ২০২৩ সালে ফাইনালে পৌঁছেও ট্রফি না জেতার আক্ষেপ এখনও তাঁকে তাড়া করে বেড়ায়।
রোহিত বলেন, ছোটবেলা থেকে তিনি ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বড় হয়েছেন। সেই সময় চার বছর অন্তর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষা করতে হতো, যা ছিল ক্রিকেটপ্রেমীদের কাছে সবচেয়ে বড় উৎসব। তাই এই ট্রফির গুরুত্ব তাঁর কাছে আলাদা।
ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। বর্তমানে তিনি শুধুমাত্র একদিনের ক্রিকেটে মনোযোগী। দেশের হয়ে ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন এবং নিজের ফিটনেসেও বিশেষ নজর দিচ্ছেন।
সব মিলিয়ে, ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে পাখির চোখ করে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন রোহিত শর্মা। অধরা ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারবেন কি না, সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন