Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লেন প্রায় ৬৪ লক্ষ, ৬০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও ‘বিচারাধীন’

 

Final-Voter-List

সমকালীন প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই তালিকা প্রকাশ করেন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনে।

কমিশন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। সেই সময় তালিকা থেকে বাদ পড়েছিলেন ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। এরপর সংশোধন পর্বে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যাওয়ায়, সব মিলিয়ে রাজ্য জুড়ে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটার তালিকা থেকে বাদ পড়লেন।

অন্যদিকে, নতুন ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন দেখা গেছে। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের এবং ৮ নম্বর ফর্মের মাধ্যমে সংশোধিত বা যুক্ত হয়েছেন ৬ হাজার ৬৭১ জন।

চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও একটি বড় অংশের ভোটারের ভবিষ্যৎ নিয়ে এখনও সংশয় কাটেনি। কমিশন জানিয়েছে, বর্তমানে তালিকায় থাকা ভোটারদের মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিচারাধীন’ হিসেবে রাখা হয়েছে। এই ভোটারদের নথি যাচাইয়ের ক্ষেত্রে ইআরও এবং মাইক্রো অবজার্ভারদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে বিচারকেরা এই নথিগুলো খতিয়ে দেখছেন। আগামী বিধানসভা নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই ৬০ লক্ষ ভোটারের চূড়ান্ত ফয়সালা করা হবে। ফলে ভবিষ্যতে ভোটারের সংখ্যা আরও কমতে পারে।

এসআইআর প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছিল। এ প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্বীকার করে নেন যে, এই বিশাল কর্মযজ্ঞে কিছু ‘ভুলভ্রান্তি’ হয়েছে, তবে তা সামান্য। তিনি জানান, যেখানেই ত্রুটি ধরা পড়েছে, কমিশন দ্রুত পদক্ষেপ করেছে। উল্লেখ্য, সফ্‌টওয়্যার সমস্যার কারণে এদিন যাদবপুর এবং বিধাননগর– এই দুই বিধানসভা কেন্দ্রের তালিকা আপলোড করতে কিছুটা বিলম্ব হয়।

যাঁদের নাম এই তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের জন্য আশার আলো দেখিয়েছে কমিশন। জানানো হয়েছে, যোগ্য ভোটাররা আগামী ১৫ দিনের মধ্যে পুনরায় ৬ নম্বর ফর্ম পূরণ করে নাম তোলার আবেদন করতে পারবেন।

এবারের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে ভোটারদের তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে:

অ্যাপ্রুভড : যাঁদের নথি সম্পূর্ণ সঠিক। বিচারাধীন : যাঁদের শুনানি বা নথি যাচাই প্রক্রিয়া চলছে এবং ডিলিটেড : যাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন