সমকালীন প্রতিবেদন : পাঁচটি আইপিএল ট্রফি জিতিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তিনি। কিন্তু নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর থেকেই যেন বদলে গিয়েছে দলের ছবিটা। দীর্ঘদিন ট্রফির স্বাদ পায়নি মুম্বই। এবার কি পুরনো অধিনায়কের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি? সূত্রের খবর, আগামী আইপিএলে ফের মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে রোহিত শর্মাকে। প্রথমে এই প্রস্তাবে বিশেষ আগ্রহী না হলেও শেষ পর্যন্ত দল পরিচালন সমিতির অনুরোধে রাজি হয়েছেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার। যদিও এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।
২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে রোহিতের নেতৃত্বেই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর অধিনায়কত্বে পাঁচটি ট্রফি জিতে প্রতিযোগিতার অন্যতম সফল দল হয়ে উঠেছিল মুম্বই। কিন্তু ২০২৪ সালের আইপিএলের আগে তাঁকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজি। সেই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছিল তীব্র অসন্তোষ। হার্দিকের নেতৃত্বে গত মরসুমেও প্রত্যাশিত সাফল্য পায়নি দল। ফলে আবারও রোহিতকে নেতৃত্বে ফেরানোর সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সূত্রের খবর, গত আইপিএলের মাঝপথেই হার্দিককে সরিয়ে রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভেবেছিল মুম্বই। সেই সময় দলের পারফরম্যান্সও ভালো ছিল না। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। তবে আগামী মরসুমে হার্দিককে অধিনায়ক রাখা হবে কি না, তা নিয়ে ফ্র্যাঞ্চাইজির অন্দরে আলোচনা চলছিল। নেতৃত্বের বিকল্প হিসাবে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা এবং তরুণ তিলক বর্মার নাম উঠে এলেও শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতের উপরেই ভরসা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি।
‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, রোহিত প্রথমে অধিনায়ক হিসাবে তিলক বর্মার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু দলের তরফে তাঁকেই নেতৃত্বের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সম্মতি দেন রোহিত। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু অধিনায়কত্ব নয়, দলের নতুন কোচিং স্টাফ নিয়োগের ক্ষেত্রেও রোহিতের মতামত নেওয়া হয়েছে বলে খবর।
গত মরসুমে হার্দিকের নেতৃত্বে ১০টি ম্যাচে পরাজিত হয়ে পয়েন্ট তালিকার নবম স্থানে শেষ করেছিল মুম্বই। ২০২০ সালের পর থেকে আর আইপিএল ট্রফি জিততে পারেনি তারা। এর পর থেকেই হার্দিককে অন্য দলে ট্রেড করার সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়িয়েছে। যদিও তাঁকে দলে রাখা হলে রোহিতের নেতৃত্বে খেলতে তাঁর আপত্তি থাকবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
অন্যদিকে, আগামী মরসুমের আগে দলের সাপোর্ট স্টাফেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে বলে খবর। নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেতে চলেছেন রবিন উথাপ্পা। বোলিং কোচ করা হয়েছে মিচেল ম্যাকক্লেনাঘানকে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপকে। পাশাপাশি তরুণ বোলারদের উন্নতির জন্য ডেভেলপমেন্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ধবল কুলকার্নিকে। মূলত প্রথম একাদশ বা ১৮ জনের দলের বাইরে থাকা বোলারদের প্রস্তুতি ও উন্নতির দিকে নজর রাখবেন তিনি।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন