Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সিএএ প্রক্রিয়া সরলীকরণে বনগাঁর এসডিও অফিসে বৈঠক, উপস্থিত দুই মন্ত্রী

 

Simplification-of-CAA-process

সমকালীন প্রতিবেদন : ‌নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল বনগাঁয়। বৃহস্পতিবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। এছাড়াও বৈঠকে যোগ দেন প্রশাসনের একাধিক আধিকারিক। সিএএ-র আবেদন প্রক্রিয়ায় নথিপত্র সংক্রান্ত জটিলতা এবং নাগরিকত্বের শংসাপত্র পেতে দেরির বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান, সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া কীভাবে আরও সরল করা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, অনলাইনে পোর্টালে আবেদন করার সময় যে সমস্ত নথি জমা দিতে বলা হচ্ছে এবং পরবর্তী পর্যায়ে যাচাইয়ের জন্য যে কাগজপত্র চাওয়া হচ্ছে, সেগুলি নিয়ে অনেক আবেদনকারী বিভ্রান্তিতে পড়ছেন। কোন নথি কোথায় জমা দিতে হবে, তা বুঝতে না পারায় সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। এই জটিলতা দূর করার জন্য প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা হয়েছে।

শান্তনু ঠাকুর আরও জানান, নাগরিকত্বের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের নথিপত্র জমা দেওয়ার প্রয়োজনীয়তা যাতে যথাসম্ভব কমানো যায়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন তিনি। আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে নথি যাচাইয়ের প্রক্রিয়া সহজ করার চেষ্টা চলছে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

অন্যদিকে, রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া সিএএ-র আবেদন এবং নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার পরিসংখ্যান তুলে ধরেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনা জেলায় এখনও পর্যন্ত প্রায় ৯০ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু বনগাঁ মহকুমাতেই আবেদনকারীর সংখ্যা প্রায় ৪৫ হাজার। অথচ এখনও পর্যন্ত বনগাঁয় নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন মাত্র ১২০০ জন। ফলে আবেদন জমা দেওয়ার তুলনায় শংসাপত্র পাওয়ার সংখ্যা অনেকটাই কম বলে উঠে এসেছে তাঁর বক্তব্যে।

অশোক কীর্তনীয়া আরও জানান, বাংলাদেশের নথিপত্র সংক্রান্ত কিছু জটিলতার কারণে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়ায় সমস্যা তৈরি হচ্ছে। দ্রুত আবেদনকারীদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়ার জন্য এসডিও-কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের নথি সংক্রান্ত বিষয়টি যাতে আরও সহজভাবে বিবেচনা করা যায়, সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের পদক্ষেপ করতে অনুরোধ জানানো হয়েছে।

সিএএ-র আবেদন প্রক্রিয়ায় নথিপত্রের জটিলতা কাটিয়ে নাগরিকত্ব প্রদানের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়াই বৃহস্পতিবারের বৈঠকের মূল লক্ষ্য ছিল। এখন প্রশাসনিক আলোচনার পর বাস্তবে কতটা সরল হয় আবেদন ও যাচাইয়ের প্রক্রিয়া, সেদিকেই তাকিয়ে রয়েছেন বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার বহু আবেদনকারী।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন