Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বনগাঁয় পুলিশের বিরুদ্ধে সরব বিজেপি বিধায়ক ও সাংসদ, গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে

Factionalism-within-BJP

সমকালীন প্রতিবেদন : শুধু বিরোধী দলের উদ্দেশ্যে নয়, দলেরই স্থানীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এবং হুঁশিয়ারি দিলেন বনগাঁর বিজেপি সাংসদ এথা কেন্দ্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির হাবড়ার বিধায়ক। বনগাঁয় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি রাজনৈতিক মহলে পরিচিত। তবে এদিন প্রকাশ্যে এইভাবে ক্ষোভ উগড়ে দেওয়ার ঘটনায় গোষ্ঠীকোন্দল আরও জোরদার হলো।

‌স্বাভাবিকভাবেই বিজেপির বিজ‌য়া সম্মেলনীকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। মতিগঞ্জের ৯২/৯২এ বাসস্ট্যান্ডে আয়োজিত এই অনুষ্ঠানের মঞ্চ থেকে পেট্রাপোল থানার ওসির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানালেন হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। তাঁর অভিযোগ, থানার ওসি তৃণমূলের হয়ে কাজ করছেন এবং শাসকদলের শ্রমিক সংগঠনকে পরোক্ষে মদত জোগাচ্ছেন। একই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও।

বিজেপির এই বিজ‌য়া সম্মিলনীতে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল-সহ দলের একাধিক নেতা ও কর্মী-সমর্থক। বক্তব্য রাখতে উঠে দেবদাস মণ্ডল পেট্রাপোল থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, পুলিশ প্রশাসনের একাংশ নিরপেক্ষভাবে কাজ না করে তৃণমূলের স্বার্থরক্ষায় সক্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে পেট্রাপোল বন্দরের শ্রমিক সংগঠনকে ঘিরে চলা পরিস্থিতিতে থানার ওসির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে ‘নকল মতুয়া’দের থেকে সতর্ক থাকার বার্তাও দেন বিজেপি বিধায়ক।

এরপর বক্তব্য রাখতে গিয়ে আরও আক্রমণাত্মক সুর শোনা যায় শান্তনু ঠাকুরের গলায়। তাঁর অভিযোগ, দল ক্ষমতায় আসার পরেও কিছু ব্যক্তি প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তৃণমূলের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই ধরনের প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সংসদ সদস্য হিসেবে আশ্বাস দিয়ে শান্তনু বলেন, কোনও অবস্থাতেই তৃণমূলীকরণ হতে দেব না। এমনকী, দলের যত বড় নেতাই এই ধরনের কাজে যুক্ত থাকুন না কেন, তাঁদেরও রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পেট্রাপোল থানার ওসির উদ্দেশেও কড়া বার্তা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘নো কমেন্ট’। তবে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ সরকারেরই একটি অঙ্গ। বনগাঁর বিজ‌য়া সম্মেলনীর প্রকাশ্য মঞ্চ থেকে দলের একাংশের নেতৃত্বের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা, শ্রমিক সংগঠনের কার্যকলাপ এবং প্রশাসনের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগকে সামনে রেখে দলের দুই নেতার এই সরব বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন