সমকালীন প্রতিবেদন : পুজোর মুখে জনপ্রিয় ক্যাফেতে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নতুন গ্রামে। রাতের অন্ধকারে দোকানের পিছনের টিনের দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে কয়েক হাজার টাকার সিগারেট, চকলেট এবং নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, চুরির প্রমাণ মুছে ফেলতে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নতুন গ্রামের জনপ্রিয় চা-বিস্কুট ক্যাফে, যা স্থানীয়ভাবে ‘বাঁশতলা ক্যাফে’ নামেই পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে এই চুরির ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন মালিক। পুজোর আগে ব্যবসার জন্য দোকানে প্রচুর পরিমাণে সিগারেট ও চকলেট মজুত করে রেখেছিলেন মালিক পাপ্পা হীরা। পাশাপাশি দোকানে নগদ টাকাও রাখা ছিল। সব মিলিয়ে চুরির ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।
দোকান মালিক পাপ্পা হীরার অভিযোগ, বুধবার রাত আনুমানিক ২টো নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইক ও সাইকেলে করে দোকানের সামনে এসে জড়ো হয়। এলাকার একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাদের যাতায়াতের দৃশ্য ধরা পড়েছে বলে জানা গেছে। ওই ফুটেজের ভিত্তিতেই চুরির ঘটনায় তাদের জড়িত থাকার আশঙ্কা করছেন দোকান মালিক।
অভিযোগ, দোকানের পিছনের টিন ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। এরপর দোকানে মজুত থাকা কয়েক হাজার টাকার সিগারেট ও চকলেট নিয়ে যায় তারা। পাশাপাশি দোকানে রাখা প্রায় ১৮ হাজার টাকা নগদও চুরি হয়েছে বলে দাবি মালিকের। চুরির পর যাতে দোকানের ভিতরের সিসিটিভি ফুটেজ থেকে কোনও সূত্র না পাওয়া যায়, সেই উদ্দেশ্যেই ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুজোর আগে ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে এই চুরির ঘটনায় কার্যত দিশেহারা দোকান মালিক। বিশেষ করে পুজোর জন্য আগাম মালপত্র মজুত করে রাখায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে তাঁর দাবি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।
চুরির বিষয়টি জানার পর বৃহস্পতিবার সকালে গোপালনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। চুরির ঘটনায় কারা জড়িত, কীভাবে তারা দোকানে ঢুকেছিল এবং চুরি যাওয়া সামগ্রী কোথায় রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কোনও তথ্য পাওয়া যায়নি।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন