সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটে সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হল। টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর জাতীয় দলের টি-২০ সেটআপ থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করে ফেরার লক্ষ্যে পুরো রঞ্জি মরশুম খেলার জন্য প্রস্তুত ছিলেন সূর্য। কিন্তু সেই সুযোগও আপাতত মিলল না। ২০২৬-২৭ মরশুমের রঞ্জি ট্রফির জন্য মুম্বই যে দল ঘোষণা করেছে, সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের।
সূত্রের খবর, রঞ্জি দলে খেলার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন সূর্যকুমার। এমনকি নির্বাচকদের কাছে তাঁকে দলে রাখার আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ের নির্বাচকরা সেই আবেদনে সাড়া দেননি। বরং দল নির্বাচনে এবার তরুণ ক্রিকেটারদের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে জাতীয় দলের পর ঘরোয়া ক্রিকেটেও সূর্যের জন্য দরজা আপাতত বন্ধ হয়ে গেল।
৪২ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বইয়ের এবারের দলের অধিনায়ক করা হয়েছে সিদ্ধেশ লাডকে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক আয়ুষ মাত্রে। দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, মুশির খান, হার্দিক তামোরে, শামস মুলানি, তনুষ কোটিয়ান এবং তুষার দেশপান্ডের মতো পরিচিত ক্রিকেটাররা। আগামী ১১ অক্টোবর চণ্ডীগড়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করবে মুম্বই। যদিও ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
গত মরশুমে তারকাখচিত দল নিয়েও রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছাতে পারেনি মুম্বই। ধারাবাহিকতার অভাব ছিল দলের পারফরম্যান্সে। শুরুতে রোহিত শর্মার উপস্থিতি দলকে বাড়তি শক্তি দিলেও পুরো মরশুমে তাঁকে পাওয়া যায়নি। এবার তাই দল গঠনের ক্ষেত্রে ভবিষ্যতের কথা মাথায় রেখেই এগোতে চাইছে মুম্বই। আয়ুষ মাত্রেকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তও সেই পরিকল্পনারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
মাত্র ১৯ বছর বয়সেই মুম্বইয়ের মতো শক্তিশালী দলের নেতৃত্ব কাঠামোয় জায়গা করে নিয়েছেন আয়ুষ। তাঁর নেতৃত্বেই ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল গত বিশ্বকাপ জিতেছিল। এখনও পর্যন্ত ১৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। তবে চোটের কারণে ২০২৬ সালের আইপিএলের মাঝপথে ছিটকে যাওয়ার পর এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি। রিহ্যাবের পাশাপাশি ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন। রঞ্জি ট্রফিই এবার তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ হতে পারে। তাঁর দিকে নজর থাকবে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসেরও।
অন্যদিকে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজেশ পওয়ার জানিয়েছেন, লাল বলের ক্রিকেটে ভালো ছন্দে ফিরতে হবে সূর্যকে। তারপরই তাঁকে রঞ্জি দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। গত প্রায় ১৮ মাস লাল বলের ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। জাতীয় দলেও টি-২০ ব্যাটার হিসেবে দীর্ঘদিন ধরে জায়গা হয়নি তাঁর।
টি-২০ দলের নেতৃত্ব এখন শ্রেয়স আইয়ারের হাতে। ব্যাটার হিসেবেও দীর্ঘ অফ ফর্মের কারণে সূর্যের জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে। শেষবার মুম্বই টি-২০ লিগে তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গিয়েছিল কয়েক মাস আগে। ফলে জাতীয় দলের বাইরে থাকার পর রঞ্জিতেও সুযোগ না পাওয়া তাঁর প্রত্যাবর্তনের পথ আরও কঠিন করে দিল। বিশ্বকাপজয়ী অধিনায়কের কেরিয়ারে এই সময়টা নিঃসন্দেহে বড় পরীক্ষার।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন