সমকালীন প্রতিবেদন : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর বিকেলের মধ্যে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের। সরাসরি বাংলার উপকূলে আছড়ে না পড়লেও এর পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বুধবার পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। গত ছ'ঘণ্টায় প্রতিঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়েছে সেটি। আগামী কয়েক ঘণ্টায় শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলবর্তী এলাকায়, ইয়ানামের কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে অর্ণব। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারিয়ে বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি।
ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের অনাকাপল্লি, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম ও ভিজিয়ানগরমে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলায় একাধিক এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সম্ভাব্য ক্ষয়ক্ষতি সামাল দিতে আর্থিক সাহায্যের ব্যবস্থাও করেছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড়ের সতর্কতায় অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। ওড়িশাতেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল থাকছে আটটি ট্রেন।
এদিকে, অর্ণবের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বুধবার পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুরে একদিনে ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। পূর্ব মেদিনীপুর উপকূলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার দুপুরের পর কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে এবং শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতিভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
.jpg.jfif)







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন