Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩ আগস্ট, ২০২৬

চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা

 

Sri-Lanka-Test-Series

সমকালীন প্রতিবেদন : আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট শিবির। হাঁটুর চোট পুরোপুরি না সারায় জোড়া টেস্টের সিরিজ থেকে বাদ পড়লেন দলের প্রধান পেস বোলিং অস্ত্র জসপ্রীত বুমরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ আগস্ট থেকে গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে ৩২ বছর বয়সি এই তারকা স্পিডস্টারকে পুরোপুরি সুস্থ হওয়ার অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাঁটুতে মারাত্মক চোট পান বুমরা। চোটের ইমপ্যাক্ট এতটাই বেশি ছিল যে হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে সিরিজের তৃতীয় তথা নির্ণায়ক ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি। এরপরই তাঁকে তড়িঘড়ি বেঙ্গালুরুর 'সেন্টার অফ এক্সিলেন্স'-এ রিহ্যাবের জন্য পাঠানো হয়। 

প্রাথমিক ধারণায় মনে করা হয়েছিল দুই সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন এবং সম্প্রতি বিসিসিআই সূত্র থেকেও জানা গিয়েছিল যে তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন। সেন্টার অফ এক্সিলেন্সের স্পোর্টস সায়েন্স বিভাগ ও মেডিক্যাল টিম স্পষ্ট জানিয়ে দিয়েছে, বুমরা এখনো হাঁটুতে অস্বস্তি অনুভব করছেন।

সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ এবং আগামী বছরের শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির মতো টানা ও মেগা ক্রীড়াসূচি রয়েছে। অতীতে তাড়াহুড়ো করে ক্রিকেটারদের ২২ গজে ফিরিয়ে এনে চোট বাড়িয়ে ফেলার তেঁতো অভিজ্ঞতা রয়েছে বোর্ডের। 

তাছাড়া শ্রীলঙ্কার স্পিন-সহায়ক ও চরম আর্দ্রতার কন্ডিশনে বোলারদের একটানা দীর্ঘ স্পেল বল করতে হয়। দীর্ঘ রিহ্যাবের পর সরাসরি টেস্টের এই বিশাল মানসিক ও শারীরিক ধকল বুমরাকে নিতে দিতে একেবারেই রাজি নন চিকিৎসকেরা। তাই জাতীয় নির্বাচন কমিটিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মেডিক্যাল টিম।

বুমরা ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিসিসিআই-এর চিন্তা দ্বিগুণ হয়ে উঠেছে। কারণ হ্যামস্ট্রিং চোটের কারণে ইতিমধ্যেই শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা এবং ওয়াশিংটন সুন্দর। এই অবস্থায় পেস আক্রমণ পুনর্গঠনে বিদর্ভের যশ ঠাকুর এবং জম্মু-কাশ্মীরের আকিব নবি দারে-র মতো উদীয়মান পেসারদের কথা ভাবছেন নির্বাচকেরা।

বিশেষ করে বারামুলার ২৯ বছর বয়সি ডানহাতি পেসার আকিব নবি দার এই মুহূর্তে বদলি হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্য পাওয়া আকিব ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন। গত রঞ্জি ট্রফিতে অন্যতম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার পাশাপাশি শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টেও বল হাতে দারুণ প্রভাব ফেলেছিলেন তিনি। জোড়া টেস্টের গুরুত্বপূর্ণ সিরিজের আগে বুমরার মতো স্তম্ভের অনুপস্থিতি হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মার স্ট্র্যাটেজিতে বড়সড় পরিবর্তন আনতে বাধ্য করবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন