Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মিড-ডে-মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার প্রতিবাদ: বেতন বৃদ্ধি ও সরকারি স্বীকৃতির দাবিতে গাইঘাটায় বিক্ষোভ

 ‌

Mid-day-mill

সমকালীন প্রতিবেদন : মিড-ডে-মিল রান্নার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত এবং দীর্ঘদিনের বকেয়া বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মিড-ডে-মিল কর্মীরা। রান্নার কাজ ইসকনের হাতে তুলে দেওয়ার বিরোধিতা, বেতন বৃদ্ধি, পুজোর বোনাস ও সরকারি কর্মীর স্বীকৃতির মতো ১৩ দফা দাবিতে শুক্রবার গাইঘাটা ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল ‘সারা বাংলা মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন’।

সম্প্রতি রাজ্য সরকারের নতুন বাজেটে মিড-ডে-মিল কর্মীদের ভাতা সামান্য বৃদ্ধি করা হলেও, প্রাথমিক পর্যায়ে কলকাতায় স্বনির্ভর গোষ্ঠীর পরিবর্তে ইসকনের হাতে রান্না ও সরবরাহের দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপে রুজিরুটি হারানোর তীব্র আতঙ্কে ভুগছেন হাজার হাজার কর্মী। চাকরি হারানোর সেই আশঙ্কা থেকেই এদিন পথে নামেন তাঁরা।

শুক্রবার গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে কয়েকশো মিড-ডে-মিল কর্মী একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে গাইঘাটা বিডিও অফিসে এসে পৌঁছায়। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, ইসকনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং তাঁদের কাজের স্থায়ীকরণ ও সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে।

ইউনিয়নের স্থানীয় নেতৃত্বের দাবি, প্রান্তিক এই নারীদের দীর্ঘদিনের শ্রমকে অবহেলা করে বড় সংস্থার হাতে কাজ তুলে দিলে হাজার হাজার পরিবার কর্মহীন হয়ে পড়বে। বিডিও-র হাতে ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দিয়ে সংগঠনের নেতারা হুঁশিয়ারি দেন যে, অবিলম্বে তাঁদের যৌক্তিক দাবিগুলি পূরণ করা না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন